Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / পঞ্চগড় / বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ - Chief TV

বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ - Chief TV

2026-06-20  মোঃ রাকিব হাসান,পঞ্চগড় প্রতিনিধিঃ  24 views
বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি: প্রতিমন্ত্রী আজাদ - Chief TV

বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাজেট ঘোষণার পরও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি।

শনিবার (২০ জুন) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় তিনি বলেন, বিরোধী দল এবারের বাজেটকে ‘কল্পনার বাজেট’ বলে সমালোচনা করছে। কিন্তু পরিকল্পনা ও স্বপ্ন ছাড়া কোনো দেশ এগিয়ে যেতে পারে না। উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সুদূরপ্রসারী লক্ষ্য থাকা অপরিহার্য।

এর আগে বোদা উপজেলা পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, আঞ্চলিক বৈষম্য দূর করে পঞ্চগড়ের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। বিশেষ করে বোদা ও দেবীগঞ্জ উপজেলাকে আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, দেবীগঞ্জ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বোদায় একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, গুরুত্বপূর্ণ সড়ক অবকাঠামোর উন্নয়ন, পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং বন্ধ শিল্প-কারখানা পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ ১ লাখ ৬৮ হাজার টাকা, ৪১ মেট্রিক টন চাল এবং ৬০টি পরিবারের মধ্যে ছাগল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বোদা ও দেবীগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন ও অগ্রগতি পর্যালোচনা করেন।


Share: