আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলংকায় শুরু হতে যাচ্ছে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এই টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত জানাতে সময়সীমা বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এমন পরিস্থিতিতে আজ বৃহস্পতিবার জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রের বরাতে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে চলমান পরিস্থিতি ক্রিকেটারদের জানানো হবে এবং তাদের মতামতও শোনা হবে।
ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সরাসরি বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটারদের সঙ্গে কথা বলে সরকারের অবস্থান তুলে ধরবেন। পাশাপাশি বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে ক্রিকেটারদের দৃষ্টিভঙ্গি ও প্রত্যাশা জানার চেষ্টা করা হবে।
এর আগে বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস জানিয়েছিলেন, বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে ক্রিকেটারদের কোনো মতামত এখনো নেওয়া হয়নি। সে কারণে আজকের বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সূত্রের তথ্য অনুযায়ী, এই বৈঠকে শুধু বর্তমান সংকট নয়, বরং তা নিরসনের সম্ভাব্য পথ ও করণীয় বিষয়গুলো নিয়েও আলোচনা করবেন ক্রীড়া উপদেষ্টা।
উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপপর্বের চারটি ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার সূচি রয়েছে। তবে ভারত সফরে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি রয়েছে—এই যুক্তিতে বিসিবি ম্যাচগুলো শ্রীলংকায় স্থানান্তরের আবেদন জানায় আইসিসির কাছে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।