শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, গলাচিপা-দশমিনায় তিনি সংসদ সদস্য হওয়ার পর এলাকায় শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন শুরু হয়েছে। তিনি বলেন, “আগে ঘরে ঘরে আগুন জ্বলত, দোকানপাটে ভাঙচুর হতো, মানুষ হাসপাতালে থাকত। এখন পরিবেশ আগের চেয়ে ভালো হয়েছে এবং ভবিষ্যতেও আরও উন্নতি হবে। আমরা বিভাজনের রাজনীতি চাই না, ঐক্য ও সম্প্রীতির রাজনীতি চাই।”
শুক্রবার বিকেলে প্রতিমন্ত্রী নিজের এলাকায় অনুষ্ঠিত মতবিনিময় সভা ও গণ ইফতারে প্রধান অতিথির বক্তব্যে বলেন, চাঁদাবাজি বন্ধ করা হয়েছে, ব্রিজের কাজ শুরু হয়েছে এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য রাস্তা-ঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালগুলিতে কাজ চলমান। তিনি আরও উল্লেখ করেন, “উন্মুক্ত ব্যবস্থার মাধ্যমে কোনো ব্যবসায়ীর কাছ থেকে রাজনৈতিক পরিচয়ে চাঁদা নেওয়া যাবে না।”
প্রতিমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রম সক্রিয়ভাবে পরিচালনা করলে মানুষ সহজে সমস্যার সমাধান পাবে এবং জনপ্রশাসনে সেবা দ্রুত ও নিরপেক্ষভাবে পৌঁছাবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার নুর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শিপলু খান, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ইখতিয়ার রহমান কবির, উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান প্রমুখ।