আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সিটি করপোরেশনের আংশিক এলাকা ও সদর উপজেলা) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সামসুজ্জামান সামুকে বিজয়ী করার লক্ষ্যে বিভেদ ভুলে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেছে রংপুর মহানগর বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ২৪টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।
বুধবার সকালে রংপুর নগরীর স্টেশন এলাকার হক কমিউনিটি সেন্টারে রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে পোলিং এজেন্টসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠিত নির্বাচনী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন তারেক রহমান রংপুর-৩ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে সামসুজ্জামান সামুকে মনোনয়ন দিয়েছেন। দলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। তাই দলের প্রার্থীর পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এবার রংপুর-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে জাতীয় সংসদে পাঠাতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। নেতৃবৃন্দ বলেন, একযোগে কাজ করে তারেক রহমানকে রংপুর সদর-৩ আসন উপহার দেওয়াই তাদের লক্ষ্য।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর-৩ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। অনুষ্ঠানের উদ্বোধন করেন মহানগর বিএনপির সদস্যসচিব মাহাফুজ উন নবী ডন। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
রংপুর-৩ আসন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মহানগর বিএনপির সদস্য সুলতান আলম বুলবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্যসচিব আতিকুল ইসলাম লেলিন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্যসচিব নুর হাসান সুমন এবং কৃষক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর কৃষক দলের আহ্বায়ক শাহ নেওয়াজ লাবু।