বৈশাখের দ্বিতীয় দিনে দেশের ছয় জেলায় বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার রংপুর, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে এ মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে চলছে।
তবে বৃহস্পতিবারই দেশের আট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তেমন হলে তাপমাত্রা ‘সামান্য’ কমার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃষ্টি হলে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমবে। এরপর শুক্রবারও রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।”
এরপর শনিবার থেকে দিন ও রাতের তাপমাত্রা আবার সামন্য বাড়তে পারে বলে আভাস দেন এ আবহাওয়াবিদ।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তাকে মৃদু তাপপ্রবাহ ধরা হয়। ৩৮ থেকে ৪০ ডিগ্রির মধ্যে পারদ উঠলে তাকে মাঝারি এবং ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যের তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা ৪২ ডিগ্রির উপরে উঠলে তাকে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।
বুধবার দিনভর রোদের উত্তাপ ও ভ্যাপসা গরম ছিল রাজধানীতেও। ঢাকায় এদিন থার্মোমিটারের পারদ ওঠে সর্বোচ্চ ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।
গত ২৪ ঘণ্টায় রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময়ে দেশের সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ও রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।