কুড়িগ্রামের চিলমারীতে স্ত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগে এক যুবককে ছুরিকাঘাত করার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার থানাহাট ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত যুবকের নাম মমিনুল ইসলাম ওরফে নায়ক। তিনি উপজেলার বজরা তবকপুর ছড়ারপাড় এলাকার বাসিন্দা। এ ঘটনায় আহতের স্ত্রী বাদি হয়ে চিলমারী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেল আনুমানিক পাঁচটার দিকে অভিযুক্ত ব্যক্তির স্ত্রীর সঙ্গে কথা বলছিলেন মমিনুল।
এ সময় বিষয়টি জানতে পেরে অভিযুক্ত স্বামী ঘটনাস্থলে এসে তাদের একসঙ্গে দেখতে পান। পরে তিনি মমিনুলকে মারধর শুরু করলে অভিযুক্তের স্ত্রী বাধা দেন। একপর্যায়ে হাতে থাকা ছুরি দিয়ে মমিনুলের বুকে আঘাত করা হয়। এ সময় অভিযুক্তের স্ত্রীও আহত হন। স্থানীয় সূত্রগুলো দাবি করছে, মমিনুল ও ওই নারীর মধ্যে দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছিল।
প্রত্যক্ষদর্শী আলামিন জানান, হঠাৎ করে নায়ক বুক চেপে ধরে পাম্প মোড়ের একটি দোকানের সামনে এসে বসে পড়েন। তার রক্তাক্ত অবস্থা দেখে স্থানীয়রা দ্রুত অটোভ্যানে করে তাকে চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
চিলমারী মডেল থানার ওসি আলমগীর হোসেন ইনকিলাবকে জানান, পরকীয়া সম্পর্কের বিষয়টি জানাজানি হলে মারধরের একপর্যায়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। আহতের স্ত্রী বাদি হয়ে মামলা করেছেন। মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।