এবারের দীপাবলি উৎসব পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডার জীবনে নিয়ে এসেছে এক বিশেষ আনন্দের মুহূর্ত। দীপাবলির ঠিক আগে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। পুত্রসন্তানের মা হয়ে দারুণ খুশি এই দম্পতি।
দিল্লির একটি হাসপাতালে শনিবার পুত্রসন্তানের জন্ম হয় পরিণীতির। এর আগের দিনই স্ত্রীকে নিয়ে দিল্লি গিয়েছিলেন রাজনীতিক রাঘব চাড্ডা। নবজাতকের আগমনে উচ্ছ্বসিত পরিবার ও অনুরাগীরা।
মা হওয়ার পরই পরিণীতির পুরনো এক সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। সেখানে তিনি জানিয়েছিলেন, একাধিক সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি শিশু দত্তক নেওয়ারও ইচ্ছা রয়েছে তার।
সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, “আমি শিশু দত্তক নিতে চাই, এটি আমার বহুদিনের ইচ্ছা। একই সঙ্গে একাধিক সন্তান চাই আমার।” পরিণীতির এই মানবিক ইচ্ছাকে এখন প্রশংসা করছেন নেটিজেনরা।
মজার ব্যাপার হলো, পরিণীতি একসময় বলেছিলেন, তিনি কোনো রাজনীতিবিদকে বিয়ে করবেন না। কিন্তু শেষ পর্যন্ত জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রাজনীতিক রাঘব চাড্ডাকেই। তাই অনেকে এখন হাস্যরসের ছলে বলছেন, “হয়তো এবার সত্যিই পরিণীতির একাধিক সন্তানের স্বপ্নও পূরণ হবে!”
চলতি বছরের আগস্টে দম্পতি তাদের অনুরাগীদের সঙ্গে নতুন অতিথি আসার খবরটি শেয়ার করেছিলেন। গর্ভাবস্থার সময় পরিণীতি ও রাঘব নিয়মিতভাবে তাদের সুন্দর মুহূর্তগুলো ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন।