Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / হাসিনা চলে গিয়ে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে - Chief TV

হাসিনা চলে গিয়ে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে - Chief TV

2026-01-26  ডেস্ক রিপোর্ট  127 views
হাসিনা চলে গিয়ে আমাদেরকে বিপদে ফেলে দিয়েছে - Chief TV

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে গিয়ে দেশবাসীকে বিপদের মুখে ফেলে গেছেন।

সোমবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের বিডি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও–১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তিনি।

গণসংযোগে মির্জা ফখরুল বলেন, আগে নৌকা ও ধানের শীষের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হতো। এখন নৌকা নেই। নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকে ফেলে ভারতে গিয়ে দিল্লিতে অবস্থান করছেন। এতে দেশ একটি কঠিন পরিস্থিতির মুখে পড়েছে। তিনি বলেন, শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দেশ পরিচালিত হতো।

তিনি আরও বলেন, বিএনপির নেতারা বহুবার নির্বাচনে অংশ নিয়েছেন এবং সরকার পরিচালনার বাস্তব অভিজ্ঞতা রয়েছে।

নিজের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, এটি হয়তো তার জীবনের শেষ নির্বাচন। তাই শেষ সময়ে তিনি জনগণের কাছে এসেছেন আরেকবার সুযোগ চাওয়ার জন্য। ধানের শীষে ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, পাকিস্তানের শাসন-নির্যাতনের বিরুদ্ধে লড়াই করেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। অথচ যারা একসময় পাকিস্তানি বাহিনীকে সহযোগিতা করেছিল এবং অসংখ্য মানুষ হত্যায় জড়িত ছিল, তারাই আজ আবার ভোট চাইছে—এটা দুঃখজনক।

তিনি বলেন, যে দল স্বাধীনতা ও দেশের অস্তিত্বকে বিশ্বাস করে না, তাদের হাতে দেশ তুলে দেওয়া মানে সর্বনাশ ডেকে আনা। এ বিষয়টি জনগণকে বুঝতে হবে।

১৯৭১ সালের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধই বাংলাদেশের অস্তিত্বের ভিত্তি—এটি সব সময় মনে রাখতে হবে।

রাজনীতি ব্যবসার জন্য নয় উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বিএনপি রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য। ব্যক্তিগত সম্পদ বাড়ানোর রাজনীতি তারা করে না। জনগণ যদি সুযোগ দেয়, তাহলে দেশের উন্নয়ন ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


Share: