Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / রাজনীতি / জিয়াউর রহমানের জন্মদিন কাল - Chief TV

জিয়াউর রহমানের জন্মদিন কাল - Chief TV

2026-01-18  ডেস্ক রিপোর্ট  121 views
জিয়াউর রহমানের জন্মদিন কাল - Chief TV

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী আগামীকাল ১৯ জানুয়ারি। দিবসটি যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কর্মসূচির কথা জানান।

তিনি বলেন, জন্মবার্ষিকীর দিন সোমবার সকালে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর বেলা ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যসহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এ কর্মসূচিতে দলের চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হবে বলেও জানান তিনি।

রুহুল কবির রিজভী আরও জানান, পরদিন ২০ জানুয়ারি বেলা ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে দেশের বিশিষ্টজন ও বিএনপির জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।

এছাড়া জন্মবার্ষিকী উপলক্ষে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে নিজেদের সুবিধা অনুযায়ী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।

দিবসটি উপলক্ষে বিএনপিপন্থি চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। এর অংশ হিসেবে ১৯ জানুয়ারি একটি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হবে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে।


Share: