Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / ঢাকা বিভাগ / সারাদেশ / গাজীপুর / কাপাসিয়ায় জমে থাকা পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV

কাপাসিয়ায় জমে থাকা পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV

2026-06-24  ডেস্ক রিপোর্ট  35 views
কাপাসিয়ায় জমে থাকা পানিতে পড়ে ২ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু - Chief TV

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাড়ির পাশে জমে থাকা পানিতে পড়ে সাইফা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। টানা কয়েক দিনের ভারী বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতার মধ্যে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর খামের (ভুপির টেক) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফা স্থানীয় বাসিন্দা নাইম ও ফাতেমা দম্পতির মেয়ে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের।

স্বজনরা জানান, বিকেলে বাড়ির পাশেই অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল সাইফা। কয়েক দিনের বৃষ্টিতে আশপাশের নিচু জায়গাগুলোতে পানি জমে ছিল। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অজান্তে সে জমে থাকা পানিতে পড়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

দীর্ঘ অনুসন্ধানের পর বাড়ির পাশের জমে থাকা পানির মধ্য থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। তবে তখন আর তার শরীরে প্রাণের কোনো স্পন্দন ছিল না। শিশুটির মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।

খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। প্রাথমিকভাবে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

কাপাসিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. যুবায়ের বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে জমে থাকা পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।


Share: