ইরানের সাবেক সর্বোচ্চ নেতা শহীদ আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ আগামী ৮ জুলাই ইরাকের পবিত্র নগরী কারবালা ও নাজাফে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় সমন্বয় এবং পপুলার মোবিলাইজেশন ইউনিটস (পিএমইউ)-এর সহযোগিতায় বড় পরিসরে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। পরে মরদেহ আবার ইরানের মাশহাদে নেওয়া হবে দাফনের জন্য।
খামেনির শেষ বিদায়ের গুরুত্বপূর্ণ পর্ব ইরাকে আয়োজনের বিষয়টি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় বা ধর্মীয় নেতাদের জানাজা ও শোকানুষ্ঠান শুধু শ্রদ্ধা নিবেদনের আয়োজন নয়; এটি রাজনৈতিক বৈধতা, নেতৃত্বের ধারাবাহিকতা এবং মিত্রদের ঐক্য প্রদর্শনেরও গুরুত্বপূর্ণ মাধ্যম।
তাদের মতে, ইরাকে এই আয়োজনের মাধ্যমে তেহরান আঞ্চলিক মিত্রদের সঙ্গে নিজেদের সম্পর্ক ও সমর্থনের বার্তা আরও জোরালোভাবে তুলে ধরতে চায়। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি ইরানের প্রভাব ও কূটনৈতিক অবস্থান প্রদর্শনের একটি কৌশলগত পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, কারবালা ও নাজাফ শিয়া মুসলিমদের অন্যতম পবিত্র ধর্মীয় কেন্দ্র। শতাব্দীর পর শতাব্দী ধরে এই দুই শহর শিয়া ধর্মীয় শিক্ষা ও নেতৃত্বের কেন্দ্র হিসেবে পরিচিত। অতীতে কাজার রাজবংশের কয়েকজন ইরানি শাসকও কারবালায় সমাহিত হয়েছেন। ফলে সেখানে খামেনির স্মরণানুষ্ঠান আয়োজনের মাধ্যমে তার রাজনৈতিক ও ধর্মীয় উত্তরাধিকারকে বৃহত্তর শিয়া ঐতিহ্যের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
সাম্প্রতিক সময়ে সিরিয়া, লেবানন ও ইরাকে ইরানের প্রভাব নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে ইরাকে বৃহৎ পরিসরের শোকানুষ্ঠানের মাধ্যমে তেহরান দেখাতে চাইছে যে তাদের আঞ্চলিক মিত্ররা এখনো ঐক্যবদ্ধ এবং পারস্পরিক সম্পর্ক কেবল সামরিক নয়, রাজনৈতিক ও সামাজিক ভিত্তিতেও শক্তিশালী।
বিশ্লেষকদের মতে, খামেনির স্মরণে এই আয়োজন কেবল একজন প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান নয়; বরং মধ্যপ্রাচ্যের পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় ইরানের অবস্থান, আঞ্চলিক প্রভাব এবং মিত্রদের সঙ্গে সম্পর্কের শক্তিমত্তা তুলে ধরারও একটি গুরুত্বপূর্ণ বার্তা।