আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা বুধবার প্রতীক বরাদ্দ পেয়েছেন। এর মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার থেকে রাজনৈতিক দলগুলো আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারে নামছে।
নির্বাচনী প্রচারের প্রথম দিন সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করছে বিএনপি। এই সমাবেশসহ প্রথম দিন সাতটি জেলায় নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। জেলাগুলো হলো— সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার।
অন্যদিকে, জামায়াতে ইসলামী বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর মিরপুর আদর্শ স্কুল মাঠে নির্বাচনী জনসভার আয়োজন করেছে। দলটির আমির শফিকুর রহমানসহ ১০-দলীয় জোটের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে দলটি। এই জনসভা অনুষ্ঠিত হবে শফিকুর রহমানের নির্বাচনী এলাকা ঢাকা-১৫-এর ভেতরে।
সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসপি)। জিয়ারত শেষে তিন নেতার সমাধি থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত প্রচার কর্মসূচি পালন করা হবে। এতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা অংশ নেবেন।
এদিকে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শুরু করবে। একই দিনে সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়ায় বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি মাথাল প্রতীকের প্রচার শুরু করবেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন। বুধবার রাতে তিনি জানান, রংপুরে মাওলানা কেরামত আলী জৈনপুরী, তার বাবা-মা এবং সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারতের মধ্য দিয়েই তার প্রচার কার্যক্রম শুরু হবে। তিনি কয়েক দিন রংপুরে অবস্থান করে প্রচার চালাবেন। দলের মহাসচিব শামীম পাটোয়ারী নিজ নির্বাচনী এলাকা গাইবান্ধা থেকে প্রচার শুরু করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব আহমদ আবদুল কাইয়ূম জানান, বৃহস্পতিবার বরিশাল প্রেস ক্লাব এলাকা থেকে বরিশাল-৫ আসনে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন।
ঢাকা-১২ আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক কোদাল প্রতীকের প্রচার শুরু করবেন। বৃহস্পতিবার দুপুর ২টায় কাওরান বাজারের প্রগতি টাওয়ারের সামনে জমায়েত হয়ে গণসংযোগ কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম সমন্বয়কারী আকবর খান।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক পটুয়াখালী-৩ আসন থেকে প্রচার শুরু করবেন বলে জানিয়েছেন দলের উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ। তিনি জানান, দলের অন্য প্রার্থীরাও নিজ নিজ এলাকায় প্রচার শুরু করবেন।
এ ছাড়া নীলফামারী-১ আসনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)-এর চেয়ারম্যান জেবেল রহমান গানি নিজ নির্বাচনী এলাকা থেকেই প্রচার অভিযান উদ্বোধনের ঘোষণা দিয়েছেন।
নির্বাচনী আইন অনুযায়ী, প্রার্থীরা আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।