Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / জাতীয় / কৃষক-নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: তারেক রহমান - Chief TV

কৃষক-নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: তারেক রহমান - Chief TV

2026-06-14  ডেস্ক রিপোর্ট  27 views
কৃষক-নারীদের ভাগ্য পরিবর্তনে কাজ করছে সরকার: তারেক রহমান - Chief TV
'করব কাজ, গড়ব দেশ' এই প্রত্যয় পুনর্ব্যক্ত করে দেশের ২০ কোটি মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিএনপির রাজনীতি ক্ষমতার মোহের জন্য নয়, বরং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।
 
কক্সবাজার সফরে এসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও চকরিয়ার এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
প্রধানমন্ত্রী নিজে হাতে মাটি কেটে এই ঐতিহাসিক খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন, যা প্রায় সাড়ে ৮ হাজার কৃষকের ভাগ্য বদলে দেবে এবং বার্ষিক কৃষি উৎপাদন প্রায় ১২ হাজার টন বৃদ্ধি করবে।

কৃষকদের দেশের প্রাণ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী সদ্যঘোষিত বাজেটে কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করেন। তিনি জানান, দেশের প্রতিটি জেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে বিশেষ কৃষি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে তারা নগদ আড়াই হাজার টাকা করে প্রণোদনা পাবেন।
 
এছাড়া উপকূলীয় লবণচাষিদের সুরক্ষায় লবণের ন্যায্যমূল্য নির্ধারণের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ককে চার থেকে ছয় লেনে উন্নীত করার ঘোষণা দেন তিনি।
 
বিগত ১৭ বছরে এই মহাসড়কের কোনো উন্নয়ন না হওয়ার সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকার যেভাবে সড়কটি রেখে গিয়েছিল, এতদিন সেটি সেভাবেই পড়েছিল।

বাজেট নিয়ে বিরোধী দলের নেতিবাচক সমালোচনার কড়া জবাব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, নতুন বাজেট ঘোষণার পর কোনো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি, বরং সাধারণ মানুষের স্বস্তির জন্য ৬০টি নিত্যপণ্যের ওপর কর কমানো হয়েছে।
 
সরকার কেবল স্বাস্থ্যহানিকর মদ ও সিগারেটের ওপর কর বাড়িয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক সচ্ছলতা ও চিকিৎসার জন্য ফ্যামিলি কার্ড চালু এবং স্বল্পমূল্যে ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
 
নারী শিক্ষার প্রসারে দেশনেত্রী খালেদা জিয়ার অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী ঘোষণা দেন, মেয়েদের উচ্চশিক্ষার পথ সুগম করতে স্নাতক ও ডিগ্রি পর্যন্ত নারীদের শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করা হবে এবং উপবৃত্তি কর্মসূচি আরও সম্প্রসারিত হবে।

ঐতিহাসিক এই সফরে প্রধানমন্ত্রীকে বহনকারী ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইট সকালে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
 
সফরকালে প্রধানমন্ত্রী নিজেই গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন, যেখানে তার সাথে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী দম্পতি। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং চকরিয়ায় বিশাল জনসভায় যোগ দেন।
 
শেষ বিকেলে তিনি জুলাই বিপ্লবের দ্বিতীয় শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সাথে সাক্ষাৎ করে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র অনুদান হিসেবে হস্তান্তর করেন।

Share: