বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে ভোট দিয়ে চলচ্চিত্র অঙ্গনের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রত্যাশার কথা জানিয়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল।
শুক্রবার বিকেলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে ভোটাধিকার প্রয়োগ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
অনন্ত জলিল বলেন, নির্বাচনে যেই প্যানেলই জয়ী হোক না কেন, তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত এফডিসিকে আবারও প্রাণবন্ত করে তোলা। তার মতে, চলচ্চিত্রের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করা প্রয়োজন।
বর্তমান প্রার্থীদের প্রশংসা করে তিনি বলেন, যারা নির্বাচনে অংশ নিয়েছেন তারা সবাই এফডিসির জন্য নিবেদিতপ্রাণ। বিশেষ করে জয়, শিবা শানু, আরমান ও চুন্নুদের মতো অনেকেই দীর্ঘদিন ধরে চলচ্চিত্র অঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, অনেক শিল্পী ব্যস্ততার কারণে ভোট দিতে আসতে পারেননি, তবে যারা সময় দিচ্ছেন তারা শিল্পী সমিতির প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখছেন।
ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে অনন্ত জলিল বলেন, নির্বাচনের কারণে এফডিসিতে আবারও প্রাণ ফিরে এসেছে, যা চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক সংকেত।