আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) বিশেষ যান চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। নির্বাচনের দিন কিছু যানবাহনের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে এবং মোটরসাইকেলের উপর তিনদিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী:
ট্রাক, মাইক্রোবাস, পিকআপ এবং ট্যাক্সিক্যাব চলাচল বন্ধ থাকবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।
মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত, অর্থাৎ তিন দিন।
যান চলাচলের উপর এই নিষেধাজ্ঞা কিছু ক্ষেত্রে শিথিল থাকবে। এর মধ্যে রয়েছে:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী ও প্রশাসনের যানবাহন
অনুমোদিত নির্বাচনী পর্যবেক্ষক এবং সংবাদপত্রের যানবাহন
জরুরি সেবা যেমন—ওষুধ, স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত যানবাহন
বিমানবন্দর বা দূরপাল্লার যাত্রী পরিবহন
রিটার্নিং অফিসারের অনুমোদনপ্রাপ্ত প্রার্থীর ১টি যানবাহন
টেলিযোগাযোগ সেবার জন্য বিটিআরসি অনুমোদিত যানবাহন
জাতীয় মহাসড়ক, বন্দর এবং গুরুত্বপূর্ণ আন্তঃজেলা ও মহানগর রুটে কিছু যানবাহনের চলাচল শিথিল রাখা হবে। এছাড়া স্থানীয় পরিস্থিতি অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন পুলিশ কমিশনার প্রয়োজনে আরও কিছু যানবাহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ বা শিথিল করতে পারবেন।