Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / বিনোদন / মৌলিক গান নিয়ে শিমলার এগিয়ে চলা - Chief TV

মৌলিক গান নিয়ে শিমলার এগিয়ে চলা - Chief TV

2026-06-25  হৃদয় খান, বিনোদন প্রতিবেদকঃ  32 views
মৌলিক গান নিয়ে শিমলার এগিয়ে চলা - Chief TV
অসম্ভব সম্ভাবনাময় সঙ্গীত প্রতিভা শিমলা আক্তার। নরসিংদীর মেয়ে শিমলা, গান গেয়ে স্টেজ মাতানোর পাশাপাশি নিয়মিত মৌলিক গান চর্চার মাধ্যমে এগিয়ে চলেছেন তার স্বপ্নের পথে । দেশ-বিদেশের স্টেজ শোতে নিয়মিত পারফর্ম করে দর্শকদের মুগ্ধ করেন নরসিংদীর মেয়ে কণ্ঠশিল্পী শিমলা আক্তার।
 
তিনি জানান, বছরের অধিকাংশ সময়ই স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকেন। তবে ব্যস্ততার মাঝেও মৌলিক গানের চর্চাও অব্যাহত রেখেছেন, সমানতালে কাজ করে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক আড্ডায় সংগীতজীবন, স্টেজ পারফরম্যান্স, মৌলিক গান এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই শিল্পী।
 
আলাপচারিতায় শিমলা আক্তার জানান, সংগীতজীবনে এখন পর্যন্ত তিনি দেশ-বিদেশে কয়েকশো স্টেজ শো করেছেন। এসবের প্রায় প্রতিটি অনুষ্ঠানই তার কাছে আলাদা অনুভূতির। দর্শকদের ভালোবাসা ও সরাসরি সাড়া তাকে নতুন করে কাজের অনুপ্রেরণা জোগায়।

স্টেজ পারফরম্যান্সে দর্শকদের পছন্দ প্রসঙ্গে তিনি বলেন, ফাস্ট বিটের গান, ফোকধর্মী চটুল গান এবং জনপ্রিয় ডান্স নাম্বারগুলোতে দর্শক সবচেয়ে বেশি উচ্ছ্বাস প্রকাশ করেন। এসব গানের সঙ্গে দর্শকও গলা মেলান, নাচেন এবং অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।

কাভার গানের পাশাপাশি নিজের মৌলিক গান নিয়েও বেশ মনোযোগী শিমলা আক্তার। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে রয়েছে ‘তুমি খুব সহজে ভাঙলা হৃদয়’, ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’। গানগুলো প্রকাশের পর শ্রোতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছেন বলে জানান তিনি।

প্রথম মৌলিক গান নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে শিমলা বলেন, প্রথম মৌলিক গান প্রকাশের অনুভূতিটা ছিল অন্যরকম। শ্রোতাদের ভালোবাসা আমাকে আরও নতুন গান করার সাহস দিয়েছে।

নিজেকে মূলত একজন কণ্ঠশিল্পী হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। গীতিকার ও সুরকারদের সৃষ্টির এবং তাদের সৃজনশীলতায় আস্থা রেখে গান করেন। তার মতে, একজন দক্ষ গীতিকার ও সুরকার একজন শিল্পীর ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

মৌলিক গানের গুরুত্ব নিয়ে শিমলা আক্তারের স্পষ্ট বক্তব্য, কাভার গান হয়তো সাময়িক হাততালি এনে দেয়, প্রশান্তি দেয়, কিন্তু নিজের মৌলিক গানই একজন শিল্পীকে আজীবন বাঁচিয়ে রাখে।

স্টেজে নিজের মৌলিক গান পরিবেশন করার সময় দর্শকদের প্রতিক্রিয়াকে ক্যারিয়ারের অন্যতম বড় প্রাপ্তি বলে মনে করেন তিনি। শিমলার ভাষায়, যখন দেখি দর্শক আমার নিজের গান গাইছে, আমার সঙ্গে গলা মেলাচ্ছে, তখন মনে হয় পরিশ্রম সার্থক হয়েছে।

প্রকাশিত গানগুলোর মধ্যে ‘তুমি গোপনে গোপনে’ এবং ‘মায়াবতী কন্যা’ তার হৃদয়ের সবচেয়ে কাছের। বিশেষ করে ‘মায়াবতী কন্যা’ গানটিতে ক্লোজআপ ওয়ান তারকা গামছা পলাশের সঙ্গে কণ্ঠ দেওয়ার অভিজ্ঞতা তার কাছে বিশেষ স্মরণীয়।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিমলা আক্তার জানান, নতুন কয়েকটি মৌলিক গানের কাজ ইতোমধ্যে শেষ পর্যায়ে রয়েছে। খুব শিগগিরই গানগুলো ভিডিওসহ প্রকাশ করা হবে। তিনি আশা করেন, নতুন গানগুলোও শ্রোতাদের ভালো লাগবে।

স্টেজের জনপ্রিয়তা এবং মৌলিক গান প্রতিষ্ঠার মধ্যে ভারসাম্য রক্ষা প্রসঙ্গে এই শিল্পী বলেন, দর্শকদের পছন্দের গান গাওয়ার পাশাপাশি আমি নিজের মৌলিক গানও নিয়মিত পরিবেশন করি।
 
এতে একদিকে দর্শকদের সঙ্গে সংযোগ তৈরি হয়, অন্যদিকে আমার গানগুলোও মানুষের কাছে পৌঁছে যায় বলে মনে করেন তিনি। শিল্পী শিমলা আক্তার নিজের মেধা, যোগ্যতা এবং সঙ্গীতে তার অধ্যাবসায়ের মাধ্যমে এগিয়ে যাবেন কাঙ্খি।।

Share: