সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও ঢাকার মঞ্চে গান গাইতে আসছেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মেইন স্টেজ শো ফিচারিং আতিফ আসলাম’।
গত বছরের ডিসেম্বরে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া কনসার্টটি এবার পূর্ণাঙ্গ আয়োজনের মধ্য দিয়ে সফল করতে যাচ্ছে আয়োজক প্রতিষ্ঠান ‘মেইন স্টেজ ইনকরপোরেটেড’।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কনসার্টের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সাংস্কৃতিক অনুমোদন, নিরাপত্তামূলক ছাড়পত্র ও অন্যান্য অনুমতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং দ্রুতই ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
সবচেয়ে বড় সুখবর হচ্ছে, গত বছর যারা টিকিট কিনেছিলেন কিন্তু রিফান্ড নেননি, তাঁদের নতুন করে কোনো টিকিট কিনতে হবে না; তারা আয়োজক প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পুনরায় আবেদন করলে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই নতুন টিকিট পেয়ে যাবেন।
এমনকি যারা রিফান্ড আবেদন করেছিলেন, তাঁরাও চাইলে তা প্রত্যাহার করে আগের টিকিটের সুবিধা ফিরে পাবেন। অন্যদিকে নতুন দর্শকদের জন্য সীমিত সংখ্যক টিকিট বিক্রির দায়িত্ব দেওয়া হয়েছে গেটমাইটিকিট ডট লাইভকে।
আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক কাজী রাফসান জানান, দর্শকদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত এবং আগামী ২৪ জুলাই তাঁরা গত বছরের অসমাপ্ত অধ্যায়টিকে একটি জাঁকজমকপূর্ণ সফলতায় রূপ দিতে চান।