কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী এক মানববন্ধন কর্মসূচিতে দুর্বৃত্তদের বর্বরোচিত হামলা ও ওপেন ফায়ারের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বাসিন্দাদের আয়োজিত এই কর্মসূচিতে আকস্মিক হামলায় ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ।
আহতদের মধ্যে ১২ বছর বয়সী স্কুলছাত্র ইথান আহম্মেদ প্রেমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকার চিহ্নিত শীর্ষ মাদক কারবারি এবং একটি হত্যা মামলার জামিনপ্রাপ্ত আসামি ‘অপু’ এই হামলার মূল পরিকল্পনাকারী।
মাদক ব্যবসার বিরুদ্ধে সাধারণ মানুষের এই শান্তিপূর্ণ প্রতিবাদ চলাকালে অপুর দলবল আচমকা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা ও গুলি চালালে মুহূর্তের মধ্যে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু করে।
কুমিল্লা কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার জানান, অভিযুক্ত অপুকে শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।