নীলফামারীর জলঢাকায় বৈষম্যবিরোধী পেট্রোল পাম্প মামলার এজাহারভুক্ত আসামি, ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম (মুকুল)কে গ্রেপ্তার করেছে জলঢাকা থানা।
পুলিশ। রবিবার (২১ জুন) বিকেলে জলঢাকা উপজেলার ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম (মুকুল) ডাউয়াবাড়ী ইউনিয়নের নেকবক্ত চেয়ারম্যানপাড়া এলাকার মৃত সুলায়মানের ছেলে।
তিনি আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
উল্লেখ্য যে ২০১৩ সালের জলঢাকার মুসলিম হত্যার মামলার আসামিও মুকুল ।
পুলিশ সূত্রে জানা যায়, জলঢাকা থানায় দায়েরকৃত বৈষম্যবিরোধী পেট্রোল পাম্প মামলা নং-১২, তারিখ ১৪ অক্টোবর ২০২৪-এর এজাহারনামীয় আসামি হিসেবে সাইফুল ইসলাম (মুকুল)-এর বিরুদ্ধে মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় তাকে আইনের আওতায় আনতে পুলিশ অভিযান পরিচালনা করে।
এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম গণমাধ্যমকে জানান, বৈষম্যবিরোধী পেট্রোল পাম্প মামলা নং-১২, তারিখ ১৪/১০/২০২৪-এর এজাহারভুক্ত আসামি ২নং ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম (মুকুল)কে রবিবার বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। কোনো ব্যক্তি বা পদমর্যাদার বিবেচনা নয়, মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে পুলিশ বদ্ধপরিকর। চলমান মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রমের স্বার্থে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
গ্রেপ্তারের খবরে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তবে পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।