Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / রংপুর / নিখোঁজের একদিন পর পাটখেতে মিলল মাদরাসাছাত্রীর লাশ - Chief TV

নিখোঁজের একদিন পর পাটখেতে মিলল মাদরাসাছাত্রীর লাশ - Chief TV

2026-06-20  ডেস্ক রিপোর্ট  28 views
নিখোঁজের একদিন পর পাটখেতে মিলল মাদরাসাছাত্রীর লাশ - Chief TV

রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামে বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত সানজিদা স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলামের মেয়ে এবং একটি মাদরাসার শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল সানজিদা। একপর্যায়ে তাকে আর খুঁজে পাওয়া না গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে রাতভর খোঁজাখুঁজি চালালেও তার কোনো সন্ধান মেলেনি।

শনিবার সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটখেতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেন। পরে সংবাদ পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ রহস্য উদ্ঘাটনে কাজ করছে বলে জানিয়েছে।


Share: