Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / পৌরসভায় মেয়র পদে সাইফুল ইসলাম ডালিমকে মনোনয়ন দেওয়ার দাবি - Chief TV

পৌরসভায় মেয়র পদে সাইফুল ইসলাম ডালিমকে মনোনয়ন দেওয়ার দাবি - Chief TV

2026-07-04  আরিফুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি  43 views
পৌরসভায় মেয়র পদে সাইফুল ইসলাম ডালিমকে মনোনয়ন দেওয়ার দাবি - Chief TV

জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

‎শনিবার (৪ জুলাই) দুপুরে পাঁচবিবি রেলস্টেশন রোডে উপজেলা চেয়ারম্যান পদপ্রত্যাশী জিয়াউল ফেরদৌস রাইটের ব্যবসায়িক কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম।

‎প্রধান অতিথির বক্তব্যে সাইফুল ইসলাম ডালিম বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগের শাসনামলে হামলা-মামলা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি দলীয় নেতাকর্মীদের পাশে থেকেছেন এবং কখনো দলের সিদ্ধান্তের বাইরে যাননি। 

তিনি অভিযোগ করে বলেন, আন্দোলন-সংগ্রামে ভূমিকা না রাখা অনেকেই রাজনৈতিক পটপরিবর্তনের পর বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছেন।

‎তিনি বলেন, “আমি সন্ত্রাস, চাঁদাবাজি বা কোনো অনৈতিক কর্মকাণ্ডে বিশ্বাস করি না। আল্লাহর রহমতে আমার নিজস্ব ব্যবসা ও সম্পদ রয়েছে। আমার দুই ছেলে প্রকৌশলী হিসেবে কর্মরত। ব্যক্তিগত কোনো স্বার্থ নয়, মানুষের সেবা করাই আমার লক্ষ্য। দল যদি দায়িত্ব দেয়, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব।”

‎সভায় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের, রেজাউল করিম, পৌর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, মহীপুর হাজী মহসিন সরকারি কলেজের সাবেক ভিপি জান্নাতুল ফেরদৌস, সাবেক যুগ্ম আহ্বায়ক জামিল হোসেন, সাবেক ছাত্রনেতা রাশেদুল হক, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা আক্তার, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সাধারণ সম্পাদক গুলশান আরা গ্যালিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আব্দুস ছালামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

‎এ সময় উপজেলা ছাত্রদলের সাবেক নেতা জনাবুর রহমান জনি, যুবনেতা নয়ন প্রধান, পৌর ছাত্রদলের আহ্বায়ক আর আই রকিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎বক্তারা বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে দলীয় ঐক্য বজায় রেখে সবাইকে একযোগে কাজ করতে হবে।

পাশাপাশি পাঁচবিবি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিমকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার জোর দাবি জানান তারা।


Share: