নোয়াখালীর চাটখিল উপজেলায় নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে একাধিক বিয়ে ও প্রতারণার মাধ্যমে স্ত্রীদের নির্যাতনের অভিযোগে প্রবাসী সোহেল রানা (৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
অভিযোগে জানা যায়, চাটখিল উপজেলার করটখিল গ্রামের বড় বরম বাড়ির মৃত শফিউল্লাহর ছেলে সোহেল রানা দীর্ঘদিন প্রবাসে থেকে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। এভাবে একাধিক বিয়ের মাধ্যমে তিনি একাধিক নারীকে প্রতারণার শিকার করেন বলে অভিযোগ উঠেছে।
সর্বশেষ কুমিল্লার কতোয়ালি এলাকার শাহানাজ বেগম (৩০) তার বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগে মামলা করেন। ওই মামলায় ২ জুন কুমিল্লা জুডিশিয়াল আদালত সোহেল রানার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
পুলিশ জানায়, রোববার রাতে চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
অভিযোগ অনুযায়ী, সোহেল রানা ৪ বছর ধরে প্রবাসে থেকে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে শাহানাজ বেগমের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে গত ৫ মে দেশে ফিরে তাকে বিয়ে করেন এবং পরবর্তীতে নিজের আগের স্ত্রী ও সন্তানের বিষয়টি গোপন রাখেন বলে অভিযোগ রয়েছে।
পরে বিষয়টি জানাজানি হলে দুই পরিবারের মধ্যে উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি সংঘর্ষের দিকে গড়ায় বলে জানা গেছে।
শাহানাজ বেগম অভিযোগ করেন, তিনি চাটখিল থানায় একাধিক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দিলেও পরবর্তীতে কিছু নাম বাদ দেওয়া হয়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অন্যদিকে চাটখিল থানার ওসি আবদুল মোন্নাফ বলেন, প্রাথমিক তদন্ত শেষে সোহেল রানাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের বিষয়ে তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি, তাদের নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে একই কৌশলে একাধিক নারীকে প্রতারণার শিকার করা হলেও এখনই বিষয়টি সামনে এসেছে।