Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / আন্তর্জাতিক / পুরো পৃথিবীর ভার কাঁধে তুলে নিলেন ট্রাম্প - chief tv

পুরো পৃথিবীর ভার কাঁধে তুলে নিলেন ট্রাম্প - chief tv

2026-06-28  ডেস্ক রিপোর্ট  33 views
পুরো পৃথিবীর ভার কাঁধে তুলে নিলেন ট্রাম্প - chief tv
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও নিজেকে পৌরাণিক ও ঐতিহাসিক চরিত্রের সঙ্গে তুলনা করে এক নতুন আলোচনার জন্ম দিয়েছেন। এবার তিনি নিজেকে গ্রিক পুরাণের কিংবদন্তি চরিত্র ‘অ্যাটলাস’-এর রূপ দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন।
 
শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সাহায্যে তৈরি একটি ছবি শেয়ার করেন ট্রাম্প, যেখানে তাঁকে আক্ষরিক অর্থেই পুরো পৃথিবীর বোঝা নিজের কাঁধে তুলে নিতে দেখা গেছে। ছবিতে তিনি এক হাঁটু গেড়ে বসে আছেন এবং তাঁর শরীরে জড়ানো রয়েছে একটি মার্কিন পতাকা।

গ্রিক পুরাণ অনুযায়ী, অলিম্পিয়ান দেবতাদের বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি হিসেবে টাইটান চরিত্র অ্যাটলাসকে চিরকালের জন্য কাঁধে আকাশ বা স্বর্গীয় গোলক ধরে রাখার সাজা দেওয়া হয়েছিল। তবে সাধারণ মানুষের কাছে তিনি পৃথিবীর গোলক কাঁধে নিয়ে দাঁড়িয়ে থাকা চরিত্র হিসেবেই বেশি পরিচিত।
 
ট্রাম্প এই ছবির সঙ্গে কোনো ক্যাপশন না দিলেও, ধারণা করা হচ্ছে তিনি বোঝাতে চেয়েছেন যে অ্যাটলাসের মতোই তিনিও পুরো বিশ্বের ভার নিজের কাঁধে তুলে নিচ্ছেন। উল্লেখ্য, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনার পরদিন ইরানের ড্রোন সংরক্ষণাগারে মার্কিন বাহিনী প্রতিশোধমূলক বিমান হামলা চালায়, আর তার ঠিক পরদিনই ট্রাম্প এই প্রতীকী ছবি পোস্ট করলেন।

একই দিনে ট্রাম্প আরও একটি বিতর্কিত ছবি পোস্ট করেন, যেখানে তিনি ১৯৬৪ সালে নিউ ইয়র্ক মিলিটারি একাডেমিতে পড়ার সময় নিজের ২০ বছর বয়সের সামরিক ইউনিফর্ম পরা ছবির সঙ্গে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার ১৮ বছর বয়সের একটি ছবির তুলনা করেছেন।
 
ওবামার অক্সিডেন্টাল কলেজে পড়ার সময়কার ওই ছবিতে তাঁর মুখে মারিজুয়ানার জয়েন্ট দেখা যাচ্ছে। এই ছবির বিষয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিপেন্ডেন্ট’ হোয়াইট হাউসের কাছে মন্তব্য চেয়ে অনুরোধ পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।

তবে ট্রাম্পের নিজেকে অতিমানবীয় বা ঈশ্বরের মতো চরিত্রের সঙ্গে তুলনা করার ঘটনা এবারই প্রথম নয়। চলতি বছরের শুরুর দিকে ট্রুথ সোশ্যালে তাঁর যাজকের পোশাকে হাত থেকে আলো বের হওয়া এবং অসুস্থ মানুষকে সুস্থ করার একটি এআই ছবি নিয়ে খোদ রিপাবলিকান সমর্থকদের মধ্যেই তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল।
 
অনেকে একে সরাসরি যিশুর সঙ্গে তুলনা করে পবিত্রতা লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছিলেন। পরবর্তীতে সমালোচনার মুখে ছবিটি মুছে ফেলে ট্রাম্প দাবি করেছিলেন, তিনি নিজেকে যিশু নয়, বরং একজন ডাক্তার হিসেবে দেখিয়েছেন যিনি মানুষকে সুস্থ ও ভালো রাখেন এবং মানুষ যাতে বিভ্রান্ত না হয়, সেজন্যই তিনি ছবিটি সরিয়ে নিয়েছেন।

Share: