চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়কে পড়ে থাকা রক্তাক্ত অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোরে ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোরে স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে চাঁদপুর মডেল থানা পুলিশ এবং পিবিআইয়ের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের টিশার্ট। মরদেহের সঙ্গে কোনো পরিচয়পত্র বা ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায়নি।
এদিকে মুন্সীরহাট বাজারের এক প্রত্যক্ষদর্শী জানান, গত রাতে বাজার বাসস্ট্যান্ড এলাকায় প্রজেক্টরের মাধ্যমে ফুটবল খেলা দেখার সময় ওই ব্যক্তিকে ব্রীজের ওপর বসে থাকতে দেখা যায়। তিনি নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিলেও বিস্তারিত ঠিকানা জানাননি বলে জানা গেছে।
চাঁদপুরের সিআইডি ইন্সপেক্টর তরুণ কান্তি দে জানিয়েছেন, মরদেহের পরিচয় শনাক্তে দুই হাতের আঙুলের ছাপ সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
অজ্ঞাত এই যুবকের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং তার পরিচয় শনাক্তে তদন্ত চালাচ্ছে পুলিশ।