Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রংপুর বিভাগ / সারাদেশ / গাইবান্ধা / সাইফুল্লাহ হত্যা: বিএনপির ফেসিস্ট আচরণের বিরুদ্ধে শিবিরের হুঁশিয়ারি - Chief TV

সাইফুল্লাহ হত্যা: বিএনপির ফেসিস্ট আচরণের বিরুদ্ধে শিবিরের হুঁশিয়ারি - Chief TV

2026-06-22  ডেস্ক রিপোর্ট  30 views
সাইফুল্লাহ হত্যা: বিএনপির ফেসিস্ট আচরণের বিরুদ্ধে শিবিরের হুঁশিয়ারি - Chief TV
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নে উগ্র ও সশস্ত্র হামলার শিকার হয়ে ইসলামী ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহর নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।
 
গত রোববার গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এই প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় অভিযোগ করেন, বোনারপাড়া ইউনিয়নের কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং কমিটি গঠনকে কেন্দ্র করে মতবিরোধের জেরে উগ্র ও সশস্ত্র সন্ত্রাসীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর আকস্মিক হামলা চালাতে উদ্যত হলে সাইফুল্লাহ সেখানে গিয়ে পরিস্থিতি মীমাংসা করেন।
 
কিন্তু এর কিছু সময় পরই বোনারপাড়া চৌমাথায় যুবদলের সন্ত্রাসী মুকুল, আশরাফ ও পলাশ অতর্কিতভাবে তাদের ওপর হামলা চালায়। এতে ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ গলায় ছুরিকাঘাতে নিহত হন এবং সালাহউদ্দিন নামে আরও একজন গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
প্রকাশ্য দিবালোকে একজন নিরপরাধ ব্যক্তিকে এভাবে হত্যা করার ঘটনা আইনের শাসন, শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবিক মূল্যবোধের পরিপন্থী বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শিবির নেতারা আরও বলেন, গাইবান্ধার এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গণঅভ্যুত্থানের পর বিএনপির একশ্রেণির উগ্র নেতাকর্মী রাষ্ট্রীয় সম্পদ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান এবং ভিন্নমতাবলম্বীদের ওপর দখলদারিত্ব, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, যা সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তাকে বিপন্ন করছে।
 
ক্ষমতার মোহে বিএনপি দেশজুড়ে যে খুন, সন্ত্রাস ও অস্ত্রের রাজনীতির মাধ্যমে পুনরায় ফ্যাসিবাদী আচরণ প্রদর্শন করছে, তার লাগাম টেনে না ধরলে অচিরেই তাদেরকেও পতিত ফ্যাসিস্টদের মতো পরিণতি বরণ করতে হবে বলে তারা হুঁশিয়ারি দেন।
 
একই সাথে বর্তমান সরকারের প্রথম ১০০ দিনে সারা দেশে ৬০৫টি হত্যাকাণ্ড এবং ২০৯টি ধর্ষণের পরিসংখ্যান তুলে ধরে তারা দেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অনতিবিলম্বে সাইফুল্লাহ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং খুনিদের শাস্তির দাবিতে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ পর্যন্ত এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর।

Share: