চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) এলাকার ৩ নম্বর জেটিতে একটি রাবার টায়ার্ড গ্যান্ট্রি (আরটিজি) ক্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর আড়াইটার দিকে ঘটা এই দুর্ঘটনার কারণে সাময়িকভাবে কনটেইনার পরিচালন কার্যক্রম বন্ধ রাখা হয়।
বন্দর সূত্রে জানা গেছে, জেটিতে কর্মরত একটি আরটিজি ক্রেনের ইঞ্জিনে হঠাৎ আগুনের সূত্রপাত হয় এবং তা দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক সৃষ্টি হয়। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।
পরবর্তীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং বাংলাদেশ নৌবাহিনীর ফায়ার ইউনিটের সদস্যরাও উদ্ধার ও আগুন নেভানোর কাজে যোগ দেন।
সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার ব্যবধানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং এরপর বন্দরের পরিস্থিতি ও কনটেইনার ওঠানামা কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়।
সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় আধা ঘণ্টার ব্যবধানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় এবং এরপর বন্দরের পরিস্থিতি ও কনটেইনার ওঠানামা কার্যক্রম পুনরায় স্বাভাবিক হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব (জনসংযোগ) মো. নাহিদ মোস্তফা অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সাথে সাথেই ফায়ার ইউনিটগুলো দ্রুত সাড়া দেওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো গেছে এবং বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
তাৎক্ষণিকভাবে এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে বন্দর সূত্র জানিয়েছে।