Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
হোম / রাজনীতি / শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস - Chief TV

শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস - Chief TV

2026-07-04  ডেস্ক রিপোর্ট  42 views
শেখ হাসিনাকে নিয়ে সোহেল তাজের বিস্ফোরক স্ট্যাটাস - Chief TV
চলতি বছরের মধ্যেই সব বাধা ও প্রতিকূলতা মোকাবিলা করে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।
 
তিনি দাবি করেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষার বিষয় নয়, বরং দেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে এটি জড়িত।
 
 নিজের বিরুদ্ধে হওয়া মৃত্যুদণ্ডসহ অন্যান্য রায়কে তিনি 'অবৈধ ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে আখ্যা দিয়েছেন।

এই বক্তব্যের প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য তানজিম আহমেদ সোহেল তাজ।
 
শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি শেখ হাসিনা ও তার পরিবারের কঠোর সমালোচনা করেন। সোহেল তাজ তার পোস্টে উল্লেখ করেন, ‘একজন মানুষের ইগো বা অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে, তার জ্বলন্ত প্রমাণ শেখ হাসিনা ও তার পরিবার।’

সোহেল তাজ তার পোস্টে আরও অভিযোগ করেন যে, গণহত্যা, গুম, খুন ও দুর্নীতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে কলঙ্কিত করা হয়েছে।
 
আওয়ামী লীগকে ধ্বংসের দ্বারপ্রান্তে ঠেলে দিয়ে বিদেশে পালিয়ে যাওয়ার পর পুনরায় দেশে ফেরার এই ঘোষণাকে তিনি ‘আরেকটি ভণ্ডামি’ হিসেবে আখ্যায়িত করেছেন। তার মতে, এমন বক্তব্যের মাধ্যমে দেশে থাকা নিরীহ নেতাকর্মীদের আবারো বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য যে, গত ২৮ জুন এনডিটিভি ওই সাক্ষাৎকারটি প্রকাশ করার পর থেকে দেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা চলছে। শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত সরকারি বা সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Share: