তিস্তা নদীসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও চীন। পানি ব্যবস্থাপনা, বন্যা নিয়ন্ত্রণ ও নদী উন্নয়ন প্রকল্পে যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) চীনের স্থানীয় সময় দুপুর ১২টায় বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইংয়ের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই পক্ষই পানিসম্পদ খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে ঐকমত্যে পৌঁছায়।
বৈঠকে প্রধানমন্ত্রী বন্যা ঝুঁকি মোকাবিলা, পরিবেশ সুরক্ষা এবং নদী খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরে চীনের কারিগরি সহায়তা কামনা করেন। বিশেষ করে তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চীনের সহযোগিতা প্রত্যাশা করা হয়।
জবাবে চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং ইতিবাচক সাড়া দেন এবং বাংলাদেশের পানিসম্পদ খাতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে এবং এ খাতে বাংলাদেশের কর্মকর্তাদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
তিনি আরও জানান, ২০০৫ সালের সমঝোতা স্মারক এবং গত বছর চীনা পানি বিশেষজ্ঞদের বাংলাদেশ সফরের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও বাস্তবভিত্তিক ও গবেষণানির্ভর হয়েছে।
বৈঠকে নদীভাঙন রোধ, সেচ ব্যবস্থাপনা এবং নৌ-নেভিগেশন উন্নয়নের বিষয়েও আলোচনা হয়।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।