Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / ট্রাইব্যুনালে তারিক আনাম খান - Chief TV

ট্রাইব্যুনালে তারিক আনাম খান - Chief TV

2026-01-12  ডেস্ক রিপোর্ট  100 views
ট্রাইব্যুনালে তারিক আনাম খান - Chief TV

২০১১ সালে চট্টগ্রামে এক নারীকে কেরোসিন ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন তোলে। সেই বাস্তব ও আলোচিত ঘটনাকে উপজীব্য করে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটির নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করছেন সিনেমাটোগ্রাফার, চিত্রনাট্যকার ও নির্মাতা রায়হান খান। এ ছবিতে নতুন করে যুক্ত হয়েছেন দেশের প্রখ্যাত অভিনেতা তারিক আনাম খান।

নারী নির্যাতন, দীর্ঘসূত্র বিচারপ্রক্রিয়া এবং ন্যায়বিচারের জন্য নীরব কিন্তু দৃঢ় সংগ্রাম—এই তিনটি বিষয়কে কেন্দ্র করে এগিয়ে যাবে সিনেমার গল্প। নির্মাতার ভাষ্য অনুযায়ী, বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে এটি একটি শক্তিশালী ও ব্যতিক্রমী কোর্টরুম ড্রামা হিসেবে নির্মিত হচ্ছে।

সিনেমাটির বিশেষত্ব হলো—এতে প্রধান চারটি চরিত্রে থাকছেন চারজন অভিনেত্রী। তারা হলেন নুসরাত ফারিয়া, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার জাহান। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই চার অভিনেত্রীকে নিয়ে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

সম্প্রতি ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন তারিক আনাম খান। সিনেমায় তার চরিত্রের নাম গিয়াস। বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন লোকেশনে ছবির শেষ অংশের শুটিং চলছে।

ছবিটিতে যুক্ত হওয়ার অনুভূতি জানিয়ে তারিক আনাম খান বলেন, রায়হান খান চলচ্চিত্র শিল্পের জন্য বড় সম্পদ। তার ক্যামেরার কাজে বরাবরই মানের ছাপ থাকে। আগে ‘মৃধা বনাম মেধা’ নাটকে একসঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, রায়হান বরাবরই গভীর ও শক্ত গল্প নিয়ে কাজ করে। ‘ট্রাইব্যুনাল’ তার প্রথম সিনেমা হলেও গল্প ও নির্মাণ—দুই দিক থেকেই এটি আলাদা কিছু হতে যাচ্ছে।

তার ভাষায়, চট্টগ্রামে ঘটে যাওয়া সেই বাস্তব হত্যাকাণ্ড একসময় দেশজুড়ে আলোচনায় এলেও সময়ের সঙ্গে সঙ্গে বহু অজানা সত্য আড়ালে চলে যায়। সিনেমাটি মূলত সেইসব নারীর কণ্ঠস্বর তুলে ধরবে, যাদের গল্প সচরাচর শিরোনাম হয় না।

নির্মাতা রায়হান খান জানিয়েছেন, সিনেমার প্রায় ৯০ শতাংশ শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

‘ট্রাইব্যুনাল’-এ আরও অভিনয় করেছেন রাকিব হোসেন ইভন, মিলন ভট্টাচার্য, শাহেদ আলী, অশোক ব্যাপারী, সাবেরী আলম, উপমাসহ আরও অনেকে। নাইন্টিজ প্রডাকশনের ব্যানারে নির্মিত এই সিনেমাটি আগামী ঈদুল ফিতরে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।


Share:

Single Page