Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
হোম / বিনোদন / টরন্টোতে ফোবানার ৪০তম বর্ষপূর্তি ঘিরে তারকাদের নিয়ে প্রেস কনফারেন্স

টরন্টোতে ফোবানার ৪০তম বর্ষপূর্তি ঘিরে তারকাদের নিয়ে প্রেস কনফারেন্স

2026-05-06  ডেস্ক রিপোর্ট  142 views
টরন্টোতে ফোবানার ৪০তম বর্ষপূর্তি ঘিরে তারকাদের নিয়ে প্রেস কনফারেন্স

কানাডার টরন্টোতে কানাডা বাংলাদেশ সোসাইটি এসসি-এর উদ্যোগে ফোবানার ৪০তম বর্ষপূর্তি উৎসবকে সামনে রেখে বাংলাদেশি তারকাদের নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও জনপ্রিয় সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) প্রতিষ্ঠার পর থেকেই প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক ঐক্য, সামাজিক কার্যক্রম এবং বিভিন্ন সহযোগিতামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। প্রতি বছরই সংগঠনটি বাংলাদেশি শিল্পী, ব্যবসায়ী ও উদ্যোক্তাদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজন করে থাকে।

এর ধারাবাহিকতায় ফোবানার ৪০তম বর্ষপূর্তি উদ্‌যাপন উপলক্ষে ২০২৬ সালের ৪ থেকে ৬ সেপ্টেম্বর কানাডার টরন্টোতে তিন দিনব্যাপী বড় পরিসরের আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা প্রদান, বাণিজ্য মেলা এবং প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা।

গত ৬ মে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সেমিনার হলে আয়োজিত সংবাদ সম্মেলনে ফোবানার প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান উপদেষ্টা আবু জুবায়ের দারা এবং এটিএন এমসিএল-এর প্রধান নির্বাহী সাজেদুর রহমান মুনিমসহ বাংলাদেশি শিল্পী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

এবারের আয়োজনে সাংস্কৃতিক পর্বে অংশ নেবেন বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ, যাকে আজীবন সম্মাননা প্রদান করা হবে। এছাড়া মরনোত্তর সম্মাননা দেওয়া হবে আমজাদ হোসেনকে এবং আজীবন সম্মাননা পাবেন চিত্রনায়িকা ববিতা। পাশাপাশি আরও কয়েকজন অভিনয়শিল্পী ও সংগীতশিল্পীকেও বিশেষ সম্মাননা দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সাংস্কৃতিক আয়োজনে অংশ নেবেন বাপ্পা মজুমদার, হাসান, রবি চৌধুরী, নাসির খান, তানভীর সজীব, সুলতানা চৌধুরী, শাহনাজ বেলী, এস আই সুমন, লিজা, ঝিলিকসহ আরও অনেকে। এছাড়া চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের ডি এ তায়েব, মাহিয়া মাহি, শফিউল আলম বাবুসহ একাধিক তারকা অংশ নেবেন।

আয়োজকরা জানান, এবারের আয়োজনকে সফল করতে দেশের ও প্রবাসের বিভিন্ন সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও সংগঠন একসঙ্গে কাজ করছে। তারা আশা প্রকাশ করেন, ফোবানার ৪০তম বর্ষপূর্তি হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় আয়োজন।


Share:

ট্যাগস: chief tv Fobana Toronto Robi Chowdhury