নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর মা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার দাবিও করা হয়েছে।
গত ২৭ জুন উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ওই নারীর স্বামী বর্তমানে কানাডায় অবস্থান করছেন। স্বামী বিদেশে থাকার কারণে তিনি তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমামের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়।
পরিবারের অভিযোগ, ঘটনার দিন দুপুরে তিনি তিন সন্তানকে রেখে মসজিদের ইমাম মোহাম্মদ রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। এ সময় ঘর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে পরিবার।
অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে ঘর তল্লাশি করে একটি যৌথ হলফনামা পাওয়া যায়, যেখানে তাদের বিয়ের উল্লেখ রয়েছে বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী, ইমাম এবং তার বাবা-মাসহ চারজনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তবে অভিযোগের বিষয়গুলো এখনো তদন্তাধীন বলে তিনি জানান।