Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / খেলাধুলা / বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে জাইমা রহমান - Chief TV

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে জাইমা রহমান - Chief TV

2026-03-11  খেলাধুলা ডেস্ক  36 views
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে জাইমা রহমান - Chief TV

দীর্ঘ বিরতির পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে টাইগাররা। ম্যাচটি শুরু হয় দুপুর ২টা ১৫ মিনিটে।

এই ম্যাচটি মাঠে বসে উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বর্তমানে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টস বক্সে অবস্থান করছেন।

এর আগে, বুধবার (১১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ফলে আগে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজকে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছে দুই দলই।

সবশেষ গত ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ খেলেছিল টাইগাররা। এরপর ৯৯ দিনের বিরতি শেষে আবার মাঠে ফিরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে না পারার হতাশা পেছনে ফেলে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে নতুন উদ্যমে শুরু করেছে বাংলাদেশ।

২০২৭ বিশ্বকাপে সরাসরি খেলতে পারবে ওয়ানডে র‍্যাংকিংয়ের সেরা আটটি দল। পাশাপাশি স্বাগতিক দেশ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াও সরাসরি খেলবে। দক্ষিণ আফ্রিকা যদি র‍্যাংকিংয়ের সেরা আটে থাকে, সেক্ষেত্রে সেরা নয় দল সরাসরি বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ পাবে। বর্তমানে ওয়ানডে র‍্যাংকিংয়ে দশম স্থানে রয়েছে বাংলাদেশ। তাই সেরা নয়ের মধ্যে জায়গা করে নিতে এই সিরিজটি টাইগারদের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

গুরুত্বপূর্ণ এই সিরিজে অভিজ্ঞ ক্রিকেটারদের নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ। দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ জানিয়েছেন, আগামী বিশ্বকাপকে সামনে রেখে ভালো ব্যাটিং উইকেটে খেলার অভ্যাস গড়ে তুলতে হবে দলের ক্রিকেটারদের।

বাংলাদেশের মাটিতে সর্বশেষ ২০১৫ সালে ওয়ানডে সিরিজ খেলেছিল পাকিস্তান। সেই সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল তারা। এছাড়া গত বছর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল পাকিস্তান।

সবমিলিয়ে এখন পর্যন্ত ৩৯টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। এরমধ্যে বাংলাদেশের জয় ৫টিতে, পাকিস্তান জিতেছে ৩৪ ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ জয়ের চারটি এসেছে ২০১৫ সালে।


Share:

Single Page