Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / ঢাকা বিভাগ / সারাদেশ / নারায়ণগঞ্জ / ‘বিএনপিরে মামলা দিয়া দৌড়ামু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’ - Chief TV

‘বিএনপিরে মামলা দিয়া দৌড়ামু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’ - Chief TV

2026-07-05  ডেস্ক রিপোর্ট  63 views
‘বিএনপিরে মামলা দিয়া দৌড়ামু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু’ - Chief TV
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়ার হুমকি এবং আওয়ামী লীগের সঙ্গে সখ্যতার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার একটি অডিও-ভিডিও ক্লিপ নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ভাইরাল হওয়া কথোপকথনে জাহাঙ্গীর আলমকে বলতে শোনা যায়, ‘বিএনপি ওলারা আমারে ক্ষতি করতাছে। নির্বাচনের পর অগরে মামলা দিয়া দৌড়ামু। আর আওয়ামী লীগ অলাগো কোলে লইয়া নাচমু, চিন্তা কইরেন না।’
 
এই বক্তব্যের মাধ্যমে তিনি নিজের দলীয় সহকর্মীদের প্রতি ক্ষোভ এবং অন্য রাজনৈতিক আদর্শের প্রতি ঝুঁকে পড়ার ইঙ্গিত দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিতর্কিত এই মন্তব্য সম্পর্কে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া গেছে।

জাহাঙ্গীর আলমের এমন বক্তব্যকে দলীয় শৃঙ্খলার পরিপন্থী ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন স্থানীয় বিএনপি নেতারা। সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানিয়েছেন, ভিডিওর সত্যতা যাচাই সাপেক্ষে অভিযুক্ত নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
 
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদও বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছেন বলে জানিয়েছেন। তিনি বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এমন মন্তব্য কোনোভাবেই কাম্য নয়। সত্যতা নিশ্চিত হলে দলের হাইকমান্ডের নির্দেশনায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

 

Share: