টানা কয়েক সপ্তাহ ধরে চলা নাটকীয় ঘটনাপ্রবাহের পর বাংলাদেশের সামনে কার্যত দুটি পথই খোলা ছিল—ভারতে গিয়ে খেলা, অথবা টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো। এই বাস্তবতায় বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না যাওয়ার সিদ্ধান্তেই অনড় থাকে।
বৃহস্পতিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটারদের নিয়ে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তারা। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছ থেকে বাংলাদেশ ন্যায্য আচরণ পায়নি।
তিনি আরও জানান, দেশের স্বার্থ ও খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ নিজেদের অবস্থান থেকে সরে আসেনি এবং ন্যায়সংগত সমাধানের প্রত্যাশা করছে।