চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে এক শিক্ষার্থী সর্পদংশনের শিকার হওয়ার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা রাতে চলাচলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৭ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল মসজিদ সংলগ্ন এফ রহমান হলের সড়কে এ ঘটনা ঘটে। সর্পদংশনের শিকার শিক্ষার্থী বরকতউল্লাহ বিশ্বাস, যিনি লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তিনি সেন্ট্রাল মসজিদের পাশ দিয়ে হলে ফেরার পথে হঠাৎ সাপে কামড়ের শিকার হন। তবে তিনি সাপটি দেখতে পাননি।
ঘটনার পরপরই স্বেচ্ছাসেবী সংগঠন Society for Snake & Snakebite Awareness (3SA)-এর সদস্যরা তার সঙ্গে যোগাযোগ করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে ১৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের সদস্যরা তার শারীরিক অবস্থার পর্যবেক্ষণের পাশাপাশি মানসিক সহায়তাও প্রদান করেন।
চিকিৎসা সংশ্লিষ্ট তথ্য ও উপসর্গ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, তিনি বিষধর ‘সবুজ বোড়া’ সাপের কামড়ে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। পরীক্ষার কারণে তার অনুরোধে প্রয়োজনীয় ওষুধ দিয়ে বাসায় চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কোনো জটিলতা দেখা দিলে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
3SA-এর প্রতিষ্ঠাতা রফিক জানান, কামড়ের ধরন দেখে এটি সবুজ বোড়া সাপ হওয়ার সম্ভাবনাই বেশি। তার পা ফুলে গিয়েছিল এবং দ্রুত চিকিৎসা দেওয়ার ফলে বর্তমানে তিনি স্থিতিশীল আছেন। সংগঠনটির আরেক সদস্য নাফিস হাসান বলেন, তাদের সব রেসকিউ ও পরামর্শ বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রদান করা হয়।
এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য কয়েকটি জরুরি সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছে 3SA। অন্ধকারে চলাচলের সময় টর্চ বা মোবাইলের ফ্ল্যাশলাইট ব্যবহার, রাতে মশারি টানিয়ে ঘুমানো এবং মেঝেতে না শোয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাপ দেখলে কাছাকাছি না যাওয়া এবং কোনো অবস্থাতেই নিজে ধরার চেষ্টা না করতে বলা হয়েছে।
সাপে কামড়ের ক্ষেত্রে ক্ষতস্থানে শক্ত করে বাঁধা বা কাটাছেঁড়া না করে দ্রুত চিকিৎসা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। এছাড়া ক্যাম্পাসে সাপ সংক্রান্ত যেকোনো জরুরি সহায়তার জন্য 3SA-এর হেল্পলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।