বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬ থেকে ২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রূপালি পর্দার শিল্পীরা আগামী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব বেছে নিতে ব্যালটের মাধ্যমে ভোট দিচ্ছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতি রাখা হয়েছে।
এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা দুটি প্যানেলের মধ্যে হচ্ছে। এক প্যানেলে নেতৃত্ব দিচ্ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্য প্যানেলে আছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি। উভয় পক্ষই জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এবং নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।
নির্বাচনকে কেন্দ্র করে এফডিসি প্রাঙ্গণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুলিশ, র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিকভাবে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে আছেন প্রযোজক খোরশেদ আলম খসরু। তার সঙ্গে রয়েছেন কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু এবং বি এইচ নিশা। আপিল বোর্ডের দায়িত্বে আছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ, কাজী হায়াৎ ও বাদল খন্দকার।
দিনভর ভোটকে ঘিরে এফডিসিতে শিল্পীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।