রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল কার্নিভাল সিজন-১-কে ঘিরে একের পর এক অনিয়ম, অব্যবস্থাপনা ও প্রতারণার অভিযোগ তুলেছেন অংশগ্রহণকারী নারী উদ্যোক্তারা।
ভুক্তভোগীদের দাবি, জনপ্রতি ২৫ থেকে ৩৫ হাজার টাকা নিবন্ধন ফি পরিশোধ করেও তারা আয়োজকদের প্রতিশ্রুতি অনুযায়ী পূর্ণাঙ্গ হেয়ার ও মেকআপ মাস্টারক্লাসে অংশ নিতে পারেননি।
অনেকেই নির্ধারিত প্রশিক্ষণ থেকে বঞ্চিত হয়েছেন। শুধু তাই নয়, অনুষ্ঠান শেষে অনেক অংশগ্রহণকারী সার্টিফিকেটও পাননি। আবার যারা পেয়েছেন, তাদের কেউ কেউ ভাঙা সার্টিফিকেট কুড়িয়ে সংগ্রহ করতে বাধ্য হয়েছেন বলেও অভিযোগ করেছেন।
অংশগ্রহণকারীদের ভাষ্য, এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য অনেকেই বড় ধরনের আর্থিক ত্যাগ স্বীকার করেছেন। কেউ খাসি বিক্রি করেছেন, কেউ গহনা বন্ধক রেখেছেন, আবার কেউ ঋণ নিয়ে নিবন্ধন ফি জোগাড় করেছেন।
ব্যবসা ও পারিবারিক দায়িত্ব সাময়িকভাবে সরিয়ে রেখে দেশের বিভিন্ন জেলা থেকে দক্ষতা অর্জনের আশায় তারা অনুষ্ঠানে যোগ দিলেও শেষ পর্যন্ত হতাশা নিয়েই ফিরতে হয়েছে বলে দাবি তাদের।
অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানের প্রধান আয়োজকদের মধ্যে ছিলেন কলকাতাভিত্তিক কারমা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী অঞ্জনা রায়, নাদিয়া আফরোজ, জিনিয়া সুলতানা মৌ, আকলিমা মেকওভার এবং ফিউচার সাইন বিউটি একাডেমি বাই মুন-এর স্বত্বাধিকারী আকলিমা আক্তার শান্তা।
অনুষ্ঠানের পাওয়ার্ড পার্টনার ছিল বিন্দিয়া সাজঘর। পরবর্তীতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও নিজেদের ভুক্তভোগী দাবি করা হয়েছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত নারী উদ্যোক্তারা। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত অংশগ্রহণকারীদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও আহ্বান জানিয়েছেন তারা।
তবে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট আয়োজকদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।