শরীয়তপুরের নড়িয়া উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা চেয়ে আটক হয়েছেন এক যুবক। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে।
দণ্ডপ্রাপ্ত ওই যুবকের নাম বাবলু বেপারী। তিনি নড়িয়া পৌরসভার শুভগ্রাম এলাকার নান্নু বেপারীর ছেলে। বুধবার গভীর রাতে উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
জানা যায়, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম খান রাতে চত্বরে হাঁটছিলেন। এ সময় নেশাগ্রস্ত অবস্থায় বাবলু বেপারী তার কাছে এসে গাঁজা সেবনের জন্য ১০০ টাকা দাবি করেন এবং অসংলগ্ন আচরণ শুরু করেন। তার এমন আচরণে উপস্থিত লোকজন বিস্মিত হয়ে পড়ে।
পরে প্রশাসনের সদস্যরা তাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ইউএনও আব্দুল কাইয়ুম খান জানান, নেশাগ্রস্ত অবস্থায় ওই ব্যক্তি তার কাছে এসে টাকা দাবি করেন এবং অস্বাভাবিক আচরণ করেন। এরপর আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা দেওয়া হয়।