Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / জাতীয় / জাতিসংঘ মিশনে দায়িত্ব নিতে সাইপ্রাস যাচ্ছেন মিনহাজুল আলম - Chief TV

জাতিসংঘ মিশনে দায়িত্ব নিতে সাইপ্রাস যাচ্ছেন মিনহাজুল আলম - Chief TV

2026-06-03  ডেস্ক রিপোর্ট  9 views
জাতিসংঘ মিশনে দায়িত্ব নিতে সাইপ্রাস যাচ্ছেন মিনহাজুল আলম - Chief TV

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব পালনের জন্য সাইপ্রাস যাওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম। বুধবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ৫ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম। পরে তিনি সাইপ্রাসে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর ২৩তম ফোর্স কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। বাংলাদেশের ইতিহাসে তিনি অষ্টম সেনা কর্মকর্তা, যিনি জাতিসংঘ মিশনে ফোর্স কমান্ডারের দায়িত্ব পেলেন।

বর্তমানে পশ্চিম সাহারায় দায়িত্ব পালন করছেন মেজর জেনারেল মো. ফখরুল আহসান। মিনহাজুল আলম সাইপ্রাসে যোগ দিলে একই সময়ে ফোর্স কমান্ডার পর্যায়ে দায়িত্ব পালনকারী বাংলাদেশি কর্মকর্তার সংখ্যা হবে দুইজন। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম ১৯৭১ সালে চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৯১ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ‘সোর্ড অব অনার’ অর্জন করে পদাতিক কোরে কমিশন লাভ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

কর্মজীবনে তিনি ‘অপারেশন কুয়েত পুনর্গঠন’ এবং রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া সেন্ট্রাল আফ্রিকায় জাতিসংঘের সেক্টর কমান্ডার, ডিএসসিএসসির কমান্ড্যান্ট এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

বর্তমান দায়িত্ব পাওয়ার আগে তিনি সেনাবাহিনীর ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে কর্মরত ছিলেন।

উল্লেখ্য, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত সাইপ্রাস মিশনটি জাতিসংঘের অন্যতম দীর্ঘমেয়াদি শান্তিরক্ষা মিশন। মিশনটি মূলত গ্রিক ও তুর্কি সাইপ্রিয়টদের মধ্যকার বাফার জোন ও যুদ্ধবিরতি তত্ত্বাবধান করে।


Share: