Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / চট্টগ্রাম বিভাগ / সারাদেশ / নোয়াখালী / ট্রাক-সিএনজি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত, আহত ৪ - Chief TV

ট্রাক-সিএনজি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত, আহত ৪ - Chief TV

2026-07-07  ডেস্ক রিপোর্ট  28 views
ট্রাক-সিএনজি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত, আহত ৪ - Chief TV

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় কনটেইনারবাহী কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাইন উদ্দিন (১৮) নামে এক আলিম পরীক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার পরীক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

সোমবার (৬ জুলাই) আলিম পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে উপজেলার আমিনবাজার মসজিদসংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাইন উদ্দিন লক্ষ্মীপুরের লতিফপুর এলাকার বাসিন্দা এবং চন্দ্রগঞ্জ কারামাতিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, পরীক্ষা শেষে কয়েকজন পরীক্ষার্থী সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথে আমিনবাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কনটেইনারবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইন উদ্দিনের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত চার পরীক্ষার্থীকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে হাসপাতালে চিকিৎসাধীন অপর তিনজনের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়েসুর রহমান বলেন, আমানউল্ল্যাপুর ইউনিয়নের আমিনবাজার মহাসড়কে আলিম পরীক্ষার্থীবাহী সিএনজির সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষে মাইন উদ্দিন নিহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি আহতদের চিকিৎসার বিষয়েও সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে।


Share: