Chief TV - Leading online news portal of Bangladesh.

Home Ad
collapse
Home / ক্যাম্পাস / হলের ছাদের পলেস্তারা খসে ঢাকা কলেজ শিক্ষার্থী আহত - Chief TV

হলের ছাদের পলেস্তারা খসে ঢাকা কলেজ শিক্ষার্থী আহত - Chief TV

2026-04-06  ডেস্ক রিপোর্ট  46 views
হলের ছাদের পলেস্তারা খসে ঢাকা কলেজ শিক্ষার্থী আহত - Chief TV

রাজধানীর ঢাকা কলেজের সাউথ হলে ছাদের পলেস্তারা খসে পড়ে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। রবিবার (৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে সাউথ হলের ৩১৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান। তিনি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুশফিকুর রহমান কক্ষে অবস্থান করার সময় হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে তার মাথায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সহপাঠীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

আহত মুশফিকুর রহমান বলেন, দুপুরে খাওয়ার পর আমি শুয়েছিলাম। হঠাৎ আমার মাথার ওপর পলেস্তারা খসে পড়ে। এতে প্রচণ্ড মাথাব্যথা অনুভব করি। পরে আমাকে হাসপাতালে নেওয়া হয়। তখন রুমে আমরা দুইজন ছিলাম।

এ ঘটনায় হলের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা জানায়, দীর্ঘদিন ধরেই হলের বিভিন্ন কক্ষে ছাদ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ার ঝুঁকি রয়েছে, কিন্তু এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

ঢাকা কলেজের শিক্ষার্থী আবিদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, হল প্রভোস্টকে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। তিনি কেন প্রভোস্ট হয়েছেন? হলের সকল ছাত্রের অভিভাবক হিসেবে তার কোনো দায়বদ্ধতা নেই? কলেজ প্রশাসনকে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।

ঢাকা কলেজ হল কমিটির আহ্বায়ক আনোয়ার মাহমুদ বলেন, বিকালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীর চিকিৎসার জন্য হলের পক্ষ থেকে প্রায় দুই হাজার টাকার খরচ দেওয়া হয়েছে। আমরা হলের প্রতিটি রুমে গিয়ে জানিয়ে এসেছি, যেখানে পলেস্তারা খসে পড়ার সম্ভাবনা রয়েছে, সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হলের সংস্কারের জন্য প্রায় ১ কোটি ৩৬ লাখ টাকার টেন্ডার হয়েছে, এবং রমজানের আগেই কাজ শুরু হওয়ার কথা ছিল, তবে কিছুদিন ধরে কাজ বন্ধ রয়েছে।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার চিকিৎসা খরচ কলেজ প্রশাসন থেকে দেওয়া হয়েছে। ভবিষ্যতে যদি আরও খরচ হয়, তাহলে তা কলেজ প্রশাসন দেবে। হলের কাজ শুরু হয়েছে, তবে মাঝখানে কিছুদিন বন্ধ ছিল। আগামীকাল ইঞ্জিনিয়ারদের ডাকা হবে।


Share: