কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেলে অতিরিক্ত যাত্রী ওঠার কারণে লিফট বিকল হয়ে বরসহ ১০ জন বরযাত্রী আটকা পড়েন। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের সদস্যরা ভবনের দেয়াল ভেঙে সবাইকে নিরাপদে উদ্ধার করেন।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে জেলা শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত খান টাওয়ারের হোটেল শেরাটনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৩টার দিকে চারতলা থেকে দোতলায় নামার সময় ৬ জন ধারণক্ষমতার একটি লিফটে বরসহ মোট ১০ জন ওঠেন। অতিরিক্ত ওজনের কারণে লিফটটি স্বয়ংক্রিয়ভাবে নিচের দিকে নেমে যায় এবং নিচতলায় গিয়ে আটকে পড়ে। এতে লিফটের ভেতরে থাকা সবাই আটকা পড়েন।
আটকে পড়া যাত্রীরা লিফটের ইন্টারকম ব্যবহার করে হোটেল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পরে হোটেল কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দিলে দ্রুত একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রথমে লিফটটি ওপরে তোলার চেষ্টা করেন। সে চেষ্টা ব্যর্থ হলে নিচতলার লিফটসংলগ্ন দেয়াল ভেঙে একে একে ১০ জনকে বের করে আনা হয়। বিকেল পৌনে ৪টার দিকে উদ্ধারকাজ শেষ হয়। এ ঘটনায় কেউ আহত হননি।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—আতিকুর রহমান (৪০), মিনহাজ ইবনে ফারুক (৩০), জোনায়েদ তারেক (৩৫), মোনতাছির (২৫), ইয়াহিয়া তানভীর (২০), এমদাদ (৪০), হুমায়ুন কবির (৩০), রাইছুস সালেহীন (৩৫), রেজওয়ানুল হক (৩৯) ও জারিফ (৩২)। এদের মধ্যে জোনায়েদ তারেক বর বলে জানা গেছে। সবাই চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তেকোটা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বরপক্ষের সদস্যরা আগের দিন বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কিশোরগঞ্জে এসে হোটেল শেরাটনে অবস্থান নেন। শুক্রবার জুমার নামাজের পর শহরের পুরান থানায় অবস্থিত ঐতিহাসিক শহীদী মসজিদে বিয়ে সম্পন্ন হয়। পরে মধ্যাহ্নভোজের উদ্দেশ্যে হোটেল থেকে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আমিনুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লিফটে আটকে পড়া সবাইকে জীবিত উদ্ধার করা হয়েছে।
হোটেল শেরাটনের চেয়ারম্যান জিয়া উদ্দিন খান জানান, লিফটে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল না। ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী ওঠার কারণেই এ সমস্যা দেখা দেয়। আধুনিক নিরাপত্তা ব্যবস্থার কারণে লিফটটি ধীরে নিচে নেমে থেমে যায় এবং বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। উদ্ধারকাজে ফায়ার সার্ভিস দক্ষতার পরিচয় দিয়েছে।