কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলাকালে শ্রেণিকক্ষের ছাদ থেকে পলেস্তরাসহ একটি বৈদ্যুতিক পাখা খুলে পড়ে গেছে। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রথম শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। সে সময় একজন শিক্ষিকা পাঠদান করাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দে পলেস্তরাসহ ফ্যানটি মেঝেতে পড়ে গেলে শ্রেণিকক্ষে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শিক্ষার্থীরা ভয়ে ছুটোছুটি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফ্যানটি শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে, ফলে কেউ আহত হয়নি।
জানা গেছে, ওই শ্রেণিকক্ষে আরও একটি বৈদ্যুতিক পাখা ঝুলছে, যা নিয়েও শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বলেন, পাঠদানের সময় হঠাৎ এ ঘটনা ঘটে। সৌভাগ্যক্রমে কেউ আহত হয়নি। বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনওকে জানানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা দ্রুত ঝুঁকিপূর্ণ অংশ মেরামত করে শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।