Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / রাজশাহী বিভাগ / সারাদেশ / জয়পুরহাট / কুজাইল দিঘীর ইজারায় জেলেদের আবেদন - Chief TV

কুজাইল দিঘীর ইজারায় জেলেদের আবেদন - Chief TV

2026-02-03  আরিফুল ইসলাম (জয়পুরহাট প্রতিনিধি)  32 views
কুজাইল দিঘীর ইজারায় জেলেদের আবেদন - Chief TV

জয়পুরহাটের কালাই উপজেলার ঐতিহাসিক খাস জলমহাল কুজাইল দিঘী ইজারা নিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন প্রকৃত মৎস্যজীবী জেলেরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে জেলেদের নিয়ে গঠিত মাদারপুর মালিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড প্রায় ১৯ দশমিক ৩৮ একর আয়তনের কুজাইল দিঘী ইজারার জন্য আবেদন দাখিল করে। এ সময় ভূমি অফিস চত্বরে সমবায় সমিতির সদস্যসহ স্থানীয় জেলেদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

জানা গেছে, কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের কুজাইল দিঘীকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকার শতাধিক জেলে পরিবার জীবিকা নির্বাহ করে আসছেন। নিয়মিত মাছ আহরণ ও দিঘী দেখাশোনার মাধ্যমেই তাদের সংসার চলে। তাই এই খাস দিঘীর ইজারা প্রকৃত জেলেদের হাতেই দেওয়ার দাবি জানিয়ে আসছেন তারা।

আবেদন দাখিল শেষে জেলেরা জানান, দিঘীটি ইজারা নেওয়ার মূল উদ্দেশ্য পেশাজীবী মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষা নিশ্চিত করা। অতীতে অনেক সময় প্রভাবশালী মহল জলমহাল ইজারা নিয়ে নিলেও প্রকৃত জেলেরা বঞ্চিত হয়েছেন। এ কারণে তারা স্বচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে ইজারা প্রদানের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মাদারপুর মালিপাড়া মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শ্রী প্রভাস মালি বলেন,
“এই দিঘীর সঙ্গে আমাদের জীবনের সম্পর্ক বহু বছরের। আমরা নীতিমালা অনুযায়ী ইজারা পেয়ে নিজেরাই দিঘীটি পরিচালনা করতে চাই।”

সমিতির সভাপতি শ্রী অনিল মালি বলেন,
“সরকারি নীতিমালায় পেশাজীবী জেলে সমবায় সমিতিকে অগ্রাধিকার দেওয়ার স্পষ্ট নির্দেশনা রয়েছে। আমরা সেই নীতিমালা অনুসরণ করেই কুজাইল দিঘীর ইজারা পাওয়ার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই করে যোগ্য আবেদনকারীদের মধ্য থেকেই কুজাইল দিঘীর ইজারা চূড়ান্ত করা হবে।


Share: