লালমনিরহাটের হাতীবান্ধায় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড কাসাইটারী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, লালমনিরহাট-১ (পাটগ্রাম ও হাতীবান্ধা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান। একই আসনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী হিসেবে লড়ছেন কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল ইসলাম রাজু।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের সময় নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় কথাকাটাকাটি থেকে উভয় দলের নেতাকর্মীরা একে অপরের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ২০ জন আহত হন এবং তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উভয় পক্ষ একে অপরকে দায়ী করেছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক ও পুলিশ সুপারও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু বলেন, “সংঘর্ষের কারণ এবং আহতদের সংখ্যা সম্পর্কে আমি বিস্তারিত জানি না।”
বিএনপির প্রার্থী হাসান রাজীব প্রধানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) আসাদুজ্জামান আসাদ জানান, “ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”