নওগাঁর রাণীনগর উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ রেলওয়ের লালমনিরহাট রেলওয়ে ডিভিশনের ট্রেন পরিচালক ফিরোজ হোসেন সবুজ আর নেই। মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তিনি ওই রাতে ৭৯৮ নম্বর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন নিয়ে ঢাকায় এসে রানিং রুমে অবস্থান করছিলেন। ফিরোজ হোসেন সবুজ নওগাঁর রাণীনগর উপজেলার সদর ইউনিয়নের দাউদপুর গ্রামের মরহুম আব্দুল হামিদের ছেলে।
তিনি রাণীনগর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং রাণীনগর শের-ই-বাংলা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তীতে ২০১৭ সালে বাংলাদেশ রেলওয়েতে গার্ড গ্রেড-২ পদে নিয়োগ পেয়ে লালমনিরহাট রেলওয়ে ডিভিশনে কর্মরত ছিলেন।
মঙ্গলবার বাদ আসর তাঁর জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। সদালাপী ও হাসিখুশি স্বভাবের ফিরোজ হোসেন সবুজের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাঁর অকাল প্রয়াণ মেনে নিতে পারছেন না সহকর্মী ও স্বজনরা।
জানাজায় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট ডিভিশনের পরিচালক (পরিবহন ও যোগাযোগ) একরামুল বারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।