নওগাঁর ধামইরহাটে খাসি বলে কুকুরের মাংস বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে এক কসাই ও তার সহযোগীর বিরুদ্ধে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তোপের মুখে দোকান ফেলে পালিয়ে যান অভিযুক্তরা।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ধামইরহাটের নেংড়াপীর-ইসবপুর সড়কের তেতুলতলী মোড়ে নিয়মিত মাংস বিক্রি করতেন স্থানীয় কসাই এনতাজুল ও তার সহযোগী দুলু মৌলভি। তারা সাধারণত বাড়ি থেকে পশু জবাই করে মাংস বাজারে এনে বিক্রি করতেন। তাদের মাংসের দাম তুলনামূলক কম হওয়ায় অনেকেরই সন্দেহ ছিল।
রবিবার সকালে এনতাজুলের বাড়িতে একটি কুকুর ধরে জবাই করার বিষয়টি স্থানীয় কয়েকজনের নজরে আসে। পরে ওই মাংস খাসির মাংস হিসেবে বিক্রির জন্য বাজারে তোলা হলে বিষয়টি জানাজানি হয়ে যায়। মুহূর্তের মধ্যে খবরটি বাজারে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বেগতিক দেখে মাংস ও সরঞ্জাম ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান এনতাজুল ও দুলু।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন। এ বিষয়ে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে এবং সেগুলো নিরাপদ স্থানে অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
অন্যদিকে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, সংবাদ পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়। সেখান থেকে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া, মাংস ও মাংস কাটার সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযুক্ত এনতাজুল ও দুলু মৌলভি পলাতক থাকলেও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।