উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে নীলফামারীর ডালিয়া পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানির চাপ নিয়ন্ত্রণে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।
এর ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ শুরু হওয়ায় স্থানীয় এলাকাগুলোতে প্লাবনের শঙ্কা দেখা দিয়েছে।
সোমবার সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানিপ্রবাহ রেকর্ড করা হয় ৫২ দশমিক ২২ সেন্টিমিটার, যেখানে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার। অর্থাৎ পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
স্থানীয়দের মধ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং নদী তীরবর্তী মানুষদের সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।