Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / খেলাধুলা / জাপানের বিপক্ষে সেরা একাদশে নেইমার কি থাকছেন? - chief tv

জাপানের বিপক্ষে সেরা একাদশে নেইমার কি থাকছেন? - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  34 views
জাপানের বিপক্ষে সেরা একাদশে নেইমার কি থাকছেন? - chief tv
বিশ্বকাপের নকআউট পর্বে আজ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল মুখোমুখি হচ্ছে শক্তিশালী জাপানের। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন চোট থেকে ফেরা তারকা নেইমার।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির ইঙ্গিত এবং বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, নেইমারকে শুরু থেকেই একাদশে রাখার সম্ভাবনা খুবই কম। বরং স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৩-০ ব্যবধানে জয় পাওয়া যে একাদশ মাঠে নেমেছিল, সেটিই প্রায় অপরিবর্তিত রাখার পরিকল্পনা রয়েছে তার।

বিশ্বকাপের শুরুতে কাফের চোটে ভুগে মরক্কো ও হাইতির বিপক্ষে খেলতে পারেননি নেইমার। পরে স্কটল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে শেষ ১৫ মিনিট খেলেন তিনি। ম্যাচ শেষে আনচেলত্তি জানান, নেইমারের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং জাপানের বিপক্ষে তিনি আরও বেশি সময় খেলতে পারবেন, তবে শুরুর একাদশে থাকবেন কি না সে বিষয়ে নিশ্চিত কিছু বলেননি।

ব্রাজিলিয়ান গণমাধ্যম ও ইউরোপীয় বিশ্লেষকদের মতে, কোচ এখনো ঝুঁকি নিতে চাইছেন না। পুরোপুরি ফিট না হওয়া পর্যন্ত নেইমারকে বেঞ্চে রেখে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করার পরিকল্পনা রয়েছে, বিশেষ করে নকআউট ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াতে পারে—এ বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

সবকিছু ঠিক থাকলে ব্রাজিল ৪-২-৩-১ ছকে মাঠে নামতে পারে। সম্ভাব্য একাদশে থাকতে পারেন আলিসন, দানিলো, মারকিনিয়োস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, রায়ান, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র এবং মাতেউস কুনিয়া।

রাফিনিয়ার হ্যামস্ট্রিং ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় তার জায়গায় তরুণ রায়ানই আবারও শুরুর একাদশে থাকতে পারেন। স্কটল্যান্ড ম্যাচে এই আক্রমণভাগই সফলতা এনে দিয়েছিল ব্রাজিলকে।

ম্যাচের আগে আনচেলত্তি স্পষ্ট করেছেন, জাপানকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না তার দল। গত বছরের প্রীতি ম্যাচে জাপানের কাছে ৩-২ গোলে হারের অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, এই ম্যাচ জিততে হলে ব্রাজিলকে পূর্ণ মনোযোগ, পরিকল্পনা এবং মানসিক দৃঢ়তা নিয়ে খেলতে হবে। প্রয়োজনে টাইব্রেকার পর্যন্ত প্রস্তুত থাকার কথাও জানান তিনি।

অন্যদিকে জাপানও আত্মবিশ্বাসী। কোচ হাজিমে মোরিয়াসু জানিয়েছেন, ম্যাচ টাইব্রেকারে গড়ালে এবার আগে থেকেই পেনাল্টি শুটার নির্ধারণ করে রাখবেন তিনি। তবে চোটের কারণে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় তাকেফুসা কুবোকে পাচ্ছে না জাপান।

সব মিলিয়ে নেইমারকে ঘিরে আগ্রহ থাকলেও, ম্যাচ শুরুর আগে পাওয়া ইঙ্গিত বলছে—ব্রাজিল তার এই তারকাকে শুরুতে না নামিয়ে দ্বিতীয়ার্ধে পরিস্থিতি অনুযায়ী ব্যবহার করার দিকেই ঝুঁকছে।

 

Share: