Chief TV - Leading online news portal of Bangladesh.

collapse
Home / আন্তর্জাতিক / এআই ও চিপ শিল্পে ৩৩৬ বিলিয়ন ডলারের মেগা বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার - chief tv

এআই ও চিপ শিল্পে ৩৩৬ বিলিয়ন ডলারের মেগা বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার - chief tv

2026-06-29  ডেস্ক রিপোর্ট  23 views
এআই ও চিপ শিল্পে ৩৩৬ বিলিয়ন ডলারের মেগা বিনিয়োগের ঘোষণা দক্ষিণ কোরিয়ার - chief tv

দক্ষিণ কোরিয়া কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর বা চিপ খাতকে কেন্দ্র করে বড় ধরনের মেগা-প্রকল্পের ঘোষণা দিয়েছে। দেশটির প্রেসিডেন্ট লি জে মিউং জানিয়েছেন, আগামী কয়েক বছরে শত শত বিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে এই দুই খাতে বৈশ্বিক নেতৃত্ব আরও সুদৃঢ় করা হবে।

সোমবার টেলিভিশনে দেওয়া এক ঘোষণায় প্রেসিডেন্ট লি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার মূল উপাদানগুলোর ওপর দ্রুত নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে, যাতে বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়া এগিয়ে থাকতে পারে। তিনি সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং এআই ডেটা সেন্টারকে দেশের ভবিষ্যৎ উন্নয়নের তিনটি প্রধান ভিত্তি হিসেবে উল্লেখ করেন।

এই ঘোষণার সময় বিশ্বের বৃহত্তম দুটি মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিকস এবং এসকে হাইনিক্সের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের মাধ্যমে দেশটির প্রযুক্তি খাতে নতুন বিনিয়োগের ঢল নামবে।

সরকার জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গোয়াংজু এবং দক্ষিণ জিওলা প্রদেশে এই প্রকল্প বাস্তবায়নে প্রায় ৫২০ ট্রিলিয়ন ওন, যা প্রায় ৩৩৬ বিলিয়ন মার্কিন ডলারের সমান, বিনিয়োগ করা হবে। এই অঞ্চলে নতুন করে বিশাল চিপ উৎপাদন কেন্দ্র বা ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।

প্রেসিডেন্ট লি আরও জানান, অব্যবহৃত জমি এবং প্রচুর বিদ্যুৎ সুবিধা কাজে লাগিয়ে এই অঞ্চলকে একটি প্রযুক্তি হাবে রূপান্তর করা হবে। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সামগ্রিক বিনিয়োগ ভবিষ্যতে এক ট্রিলিয়ন ওন ছাড়িয়ে যেতে পারে।

এই মেগা প্রকল্পকে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি খাতের জন্য একটি বড় মাইলফলক হিসেবে দেখা হচ্ছে, যা দেশটির অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।


Share: